EN ☀️
×

Follow Us

রাজনীতি

বিএনপির সংসদীয় দলের সভা কাল, এমপিদের কী নির্দেশনা দেবেন তারেক রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম

বিএনপির সংসদীয় দলের সভা কাল, এমপিদের কী নির্দেশনা দেবেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

অ অ

সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত হওয়ার আগেই বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকালের এ সভায় দলীয় শৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে সংসদ সদস্যদের কী নির্দেশনা দেবেন দলীয় প্রধান, এখন সেদিকেই নজর বিএনপি নেতাদের।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সাধারণত সংসদের অধিবেশন শুরুর এক-দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই সভা ডাকা হয়েছে। আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদের অধিবেশন শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির দায়িত্বশীল নেতাদের ধারণা, নিয়মিত বৈঠকের বাইরে এ সভা আহ্বানের পেছনে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

দলের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রধানমন্ত্রী সবাইকে ডেকেছেন, তিনি নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়ে ইনস্ট্রাকশন (নির্দেশনা) দেবেন।’

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সভায় সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। সাম্প্রতিক সময়ে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আলোচনায় আসতে পারে। দলের সাংগঠনিক বিষয়েও দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি

ক্ষমতাসীন বিএনপির জন্য দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। সংসদীয় দলের সভায় এসব বিষয় গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা।

এর সাম্প্রতিক উদাহরণ রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনা। এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি) পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তাধীন।

ঘটনাটির পর ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিনটি কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ১৪ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

এসব পদক্ষেপের মাধ্যমে দলীয় পরিচয় ব্যবহার করে দখল, চাঁদাবাজি ও সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে বিএনপি। সংসদীয় দলের সভায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দলীয় নেতাদের আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবিধান সংশোধন নিয়েও আলোচনা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের বিষয়টিও সরকারের জন্য গুরুত্বপূর্ণ। এ-সংক্রান্ত প্রস্তাব নিয়ে জাতীয় সংসদের বিশেষ কমিটি কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ গত ২০ সেপ্টেম্বর জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করে সংসদে প্রতিবেদন দেওয়ার লক্ষ্য রয়েছে। এ প্রক্রিয়ায় রাজনৈতিক দল, সংবিধানবিশেষজ্ঞসহ বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার কথাও বলা হয়েছে।

সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়ন, সংসদে বিরোধী দলের ভূমিকা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সংসদীয় দলের সভায় এ বিষয়ে বিএনপির অবস্থান এবং সংসদ সদস্যদের করণীয় নিয়ে আলোচনা হতে পারে।

স্থানীয় নির্বাচন ও সাংগঠনিক চ্যালেঞ্জ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও বিএনপির জন্য গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরীক্ষা। জাতীয় নির্বাচনের পর স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচন ঘিরে তৃণমূলের প্রত্যাশা ও অসন্তোষ সামলানো, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা নিয়ন্ত্রণ এবং গ্রহণযোগ্য প্রার্থী বাছাই—এসব বিষয় দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

নির্বাচনের সময়সূচি ও প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা তৃণমূলের অবস্থান নির্ধারণে ভূমিকা রাখতে পারে। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের পরিকল্পনা ও প্রস্তুতিও সভায় আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।

এ ছাড়া সরকার পরিচালনার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম সচল রাখাও বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। কমিটি পুনর্গঠন, মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে সিদ্ধান্ত এবং নেতা-কর্মীদের শৃঙ্খলা বজায় রাখার মতো বিষয়গুলো নিয়েও সভায় আলোচনা হতে পারে।

তবে সভার আলোচ্যসূচি সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে কোন কোন বিষয়ে তারেক রহমান সংসদ সদস্যদের নির্দেশনা দেবেন, তা সভা অনুষ্ঠিত হওয়ার পরই স্পষ্ট হবে।

আরও পড়ুন