EN ☀️
×

Follow Us

রাজনীতি

পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমানের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমানের

শহীদ জেহাদ স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন আমানুল্লাহ আমান। ছবি: সংগৃহীত

অ অ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের পথ ধরে আজ তারেক রহমানের নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ব্যাহত করতে পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে। তবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডাকসুর সাবেক ভিপি আমান স্মৃতিচারণ করে বলেন, আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ জেহাদের রক্তই সেদিন ছাত্রসমাজকে এক সুতোয় গেঁথেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ২২ ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এবং বেগম খালেদা জিয়ার দূরদর্শী ও আপসহীন নেতৃত্বে রাজপথ উত্তপ্ত হয়ে ওঠে, যার পরিণতিতে স্বৈরাচারের পতন ঘটেছিল।

জিয়া পরিবারের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ ও দেশের মানুষের যেকোনো ক্রান্তিলগ্নে জিয়া পরিবারই রাজপথে নেমে নেতৃত্ব দিয়েছে। বহু নির্যাতন, গুম ও প্রতিকূলতার মধ্যেও দেশনায়ক তারেক রহমান জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে আন্দোলনকে এক দফায় রূপ দিয়ে ফ্যাসিস্টদের পতন নিশ্চিত করেছেন।

বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে আমান বলেন, জনগণের ভোটে এবং আস্থায় আজ দেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য সুবিধা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের জন্য সরকারের নানামুখী উদ্যোগ প্রতিফলিত হচ্ছে। দেশের এই অর্জন যখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে, ঠিক তখনই ফ্যাসিবাদের অনুসারীরা গোপনে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। 

এ দেশে অসাংবিধানিকভাবে বা চক্রান্ত করে ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন