EN ☀️
×

Follow Us

রাজনীতি

সরকারকে বেকায়দায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম

সরকারকে বেকায়দায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী

ছবি: সংগৃহীত

অ অ

নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে পতিত ফ্যাসিস্টের দোসররা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশকে অস্থিতিশীল করতে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ‘একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে ও দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে। তারা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে।’

এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। নৈরাজ্য বা অপরাধের সঙ্গে কোনো আপস করা হবে না।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, আগে থেকেই সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি জানান, বর্তমান সরকার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করেছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রিজভী আরও জানান, পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে কোথাও পানি জমে ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন