EN ☀️
×

Follow Us

রাজনীতি

‘ছাত্রদলে ছাত্র নেই’ সালমান মুক্তাদিরের দাবি নাকচ নাসিরের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম

‘ছাত্রদলে ছাত্র নেই’ সালমান মুক্তাদিরের দাবি নাকচ নাসিরের
অ অ

‘ছাত্রদলে কোনো নিয়মিত শিক্ষার্থী নেই’—কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তার দাবি, মন্তব্যটি বাংলাদেশের বর্তমান ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে ধারণার ঘাটতিরই প্রতিফলন।

মঙ্গলবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসির বলেন, বর্তমানে সারা দেশের দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম রয়েছে। এসব প্রতিষ্ঠানে সংগঠনটির অধিকাংশ নেতাকর্মীই নিয়মিত শিক্ষার্থী বলে দাবি করেন তিনি।

নাসির বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের সঙ্গে যুক্ত নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের অনেককে পরীক্ষার হল ও শ্রেণিকক্ষ থেকে তুলে নিয়ে নির্যাতন করে কারাগারে পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি। এমনকি কারাগারে থাকা অবস্থায়ও ছাত্রদলের অনেক নেতা-কর্মী পরীক্ষায় অংশ নিয়েছেন বলে উল্লেখ করেন নাসির।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্রদলের সঙ্গে যুক্ত কয়েকজন নিয়মিত শিক্ষার্থী নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তাদের মধ্যে ওয়াসিম আকরামের নাম উল্লেখ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

নাসিরের মতে, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তরুণদের একটি অংশের রাজনীতিবিমুখতার কারণে ছাত্ররাজনীতি সম্পর্কে এমন ভুল ধারণা তৈরি হয়েছে।

সালমান মুক্তাদিরকে তার পছন্দের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার আহ্বান জানান নাসির।

তিনি বলেন, সেখানে গেলে সালমানের ভুল ধারণা দূর হবে এবং ছাত্রদলের অধিকাংশ নেতাকর্মী যে নিয়মিত শিক্ষার্থী, তা তিনি বুঝতে পারবেন বলে আশা করেন।

আরও পড়ুন