‘জনগণের ট্যাক্সের টাকা পকেটে অথচ হাম-ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে জামায়াত’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সংগৃহীত
‘‘জনগণের খাজনা ও ট্যাক্সের টাকা সরকারের পকেটে যাচ্ছে, অথচ মাঠপর্যায়ে হাম ও ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হচ্ছে জামায়াতে ইসলামীকে।’’- এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৫ অক্টোবর ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে সপ্তাহব্যাপী ‘ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের সামনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, দেশ ও জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সরকার তার ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করতে সংবিধান সংশোধনে ব্যস্ত হয়ে পড়েছে। দলীয়করণ ছাড়া এই সরকারের আর কোনো দৃশ্যমান সফলতা নেই।
সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাসের মাথায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, "আপনাদের ‘আই হ্যাভ এ প্ল্যান’ কী? হাম ও ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের সাধারণ মানুষ মারা গেলেও আপনাদের কোনো মাথাব্যথা নেই!"
মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার যেকোনো সংকটের মুখোমুখি হলেই পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া সমস্যা বলে দায় এড়াতে চায়। অথচ কোনো সরকারই পরবর্তী সরকারের জন্য সব সমস্যা সমাধান করে রেখে যায় না। পূর্ববর্তী সরকার ব্যর্থ হয়েছিল বলেই জনগণ সরকার পরিবর্তন করেছে। কিন্তু পরিবর্তনের পরও যদি নতুন সরকার জনদুর্ভোগ ও মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে জনগণ এই সরকারকেও পরিবর্তন করতে বাধ্য হবে।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ডেঙ্গু ও হামের সঠিক এবং সময়োপযোগী চিকিৎসা না পেয়ে প্রতিনিয়ত মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও সরকার তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, একদিকে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না, অন্যদিকে সরকারদলীয় নেতাকর্মীরা মিরপুরের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র এবং মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালসহ দেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভাঙচুর ও দখলের অপচেষ্টা চালাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমীর সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে দেশের যেকোনো ক্রান্তিকালে সবার আগে এগিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এই সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, অন্যান্য খাতের মতো স্বাস্থ্যখাতেও চরম দলীয়করণ করা হয়েছে। অদক্ষ ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর ফলে দেশের স্বাস্থ্যখাত নিজেই এখন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এডিস মশা নিধনে পরিকল্পিত পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থ বরাদ্দের পরিবর্তে সরকার কেবল কর্মকর্তাদের নিয়ে লোকদেখানো মিটিং করে যাচ্ছে, যা দিয়ে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ কোনোভাবেই সম্ভব নয়।
ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসু ভিপি সাদিক কায়েম, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম এবং স্থানীয় নেতারা।
আলোচনা সভা শেষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে স্থানীয় সাধারণ মানুষের মাঝে মশারি ও প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।