দুর্গাপূজায় কোনো দুরভিসন্ধি সহ্য করবে না সরকার: প্রতিমন্ত্রী ইশরাক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম
ঢাকা জেলা প্রশাসনের সভা শেষে বক্তব্য দিচ্ছেন ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ দুরভিসন্ধি নিয়ে কোনো কিছু করলে সরকার তা সহ্য করবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা জেলা প্রশাসনের হলরুমে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, গত বছর তাঁতীবাজারে একটি ঘটনা ঘটেছিল। তাঁর দাবি, সেখানে পরিদর্শনের পর রাত দুইটার দিকে ঘটনাটি ঘটে এবং পরে জানা যায়, জড়িতরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। রাত তিনটার দিকে তিনি সেখানে গেলেও কোনো নিরাপত্তাকর্মী বা স্বেচ্ছাসেবক ছিল না।
ঢাকা-৬ আসনে এবার সবচেয়ে বেশি পূজামণ্ডপ হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোতোয়ালি থানায় ২০টি, বংশাল থানায় ৩টি, সূত্রাপুর থানায় ২৫টি, ওয়ারী থানায় ১৯টি এবং আরেকটি থানায় ১৬টি মণ্ডপ হওয়ার কথা রয়েছে।
তার ভাষ্য, মণ্ডপের তালিকা মহানগর দক্ষিণ পূজা কমিটি ও কেন্দ্রীয় কমিটি নির্ধারণ করে, কোনো রাজনৈতিক দল নয়। মণ্ডপে অনিয়ম করে চালের বরাদ্দ নেওয়ার ইঙ্গিত অনুচিত।
স্বেচ্ছাসেবীদের প্রসঙ্গে তিনি বলেন, তার দল দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে। কেউ মণ্ডপে পাহারায় থাকতে চাইলে তা ইতিবাচকভাবে নেওয়া উচিত। পূজা কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবীদের তালিকা ও পরিচয়পত্র দিয়ে যাচাই করা যেতে পারে বলেও মত দেন তিনি।
জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, নিপুন রায় চৌধুরী, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।