EN ☀️
×

Follow Us

রাজনীতি

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের সদিচ্ছাও প্রয়োজন: শামা ওবায়েদ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের সদিচ্ছাও প্রয়োজন: শামা ওবায়েদ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংগৃহীত।

অ অ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রবিবার (৪ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে শনিবার (৩ অক্টোবর) ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ‘‘শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়ার বিষয় তো অবশ্যই রয়েছে। তবে এর পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন। আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয় ভারত সরকার সেদিকে বিশেষ নজর দেবে বলে আমরা আশা করি।’’


বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী ইতিবাচক জবাব দেন। তিনি বলেন, ‘‘অবশ্যই। দুই দেশের চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্পূর্ণ সম্ভব এবং সেই আইনি প্রক্রিয়াটিই বর্তমানে এগিয়ে নেওয়া হচ্ছে।’’

এদিকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর প্রসঙ্গে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘‘প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে কখন, কোন তারিখে এবং কোথায় এই সফর হবে, তা যথাসময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।"

আরও পড়ুন