মেজর আখতারুজ্জামানের মুক্তি দাবি জামায়াত আমিরের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলেও দাবি করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই ঘটনার পর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার দাবি, আখতারুজ্জামান যাত্রী হয়রানি, প্রবাসফেরত বাংলাদেশিদের প্রতি উপেক্ষা ও তাদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন।
তিনি বলেন, ‘তার ভাষা কী ছিল সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।’
বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে আখতারুজ্জামানকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়ে থাকলে সেটিকে ‘অশনি সংকেত’ বলে মন্তব্য করেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, ভুক্তভোগী জনগণ এ ধরনের ঘটনা কোনো অবস্থাতেই মেনে নেবে না।