ক্লিনিক দখলে শুধু সাংগঠনিক পদক্ষেপ নয়, আইনি ব্যবস্থা চান বিরোধীদলীয় নেতা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর রাড্ডা ক্লিনিকে হামলা ও দখলের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দল সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে এত বড় ঘটনার জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়।
জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশবাসী এ ঘটনায় দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।
একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্ব সরকারকে পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় বিভিন্ন মহলে সমালোচনা ও উদ্বেগ দেখা দেয়। ঘটনাটি নিয়ে আইনগত ও প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়টিও আলোচনায় আসে।
