প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধাকে সম্মান দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে এসে মেধাকে সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের ‘অপকর্ম’ পরিত্যাগের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী আমলের অনুরূপ যেকোনো কূটতৎপরতা জনগণ সহ্য করবে না।
তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, ছাড় দিলে বাংলাদেশ ‘মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে’ পরিণত হবে। এ ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।