অবৈধ ওষুধ তৈরির দায়ে ফরিদপুরে এনসিপি নেতার কারাদণ্ড
আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে এনসিপির এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
ওই ব্যক্তির নাম বায়েজিদ হোসেন (৪০)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা এবং জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তবে বর্তমানে তিনি সপরিবার ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় বসবাস করেন।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় বায়েজিদের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ নামে কারখানায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন।
জানা যায়, বায়েজিদ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অবৈধভাবে কারখানাটি পরিচালনা করে আসছিলেন। অভিযানে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরির উপকরণ পাওয়া যায়। এ ছাড়া, সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধও সংরক্ষণ করা হচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে বলেন, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬(১) ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযানটি পরিচালনা করা হয়। কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়েছে।