EN ☀️
×

Follow Us

রাজনীতি

রাশেদ খাঁন

পাটওয়ারীকে রিমান্ডে নিলে বাসে আগুন ও ককটেল হামলায় জড়িতদের তথ্য পাওয়া যাবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

পাটওয়ারীকে রিমান্ডে নিলে বাসে আগুন ও ককটেল হামলায় জড়িতদের তথ্য পাওয়া যাবে
অ অ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একসঙ্গে বাস ও ট্রেনে আগুন এবং ককটেল হামলা চালাচ্ছে। তবে তার এ অভিযোগের পক্ষে তিনি সভায় কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

তিনি বলেন, জামায়াত-এনসিপি ও আওয়ামী লীগ—এই তিন পক্ষকে মোকাবিলা করেই বর্তমান সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে।

আগামী ডিসেম্বর আওয়ামী লীগ ও তাদের মিত্ররা দেশে ফেরার পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও দাবি করেন রাশেদ খাঁন। তার অভিযোগ, এ লক্ষ্যে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে এবং ভাড়াটে লোকজনকে ব্যবহার করে বাসে আগুন ও ককটেল হামলা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাত মাসের একটি সরকারের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচিকে তিনি ‘স্বাভাবিক নয়’ বলে মন্তব্য করেন। তার দাবি, এসব কর্মসূচির নামে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই সরকার জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে। সরকারের নেওয়া পদক্ষেপের ফলে আগামী দুই বছরের মধ্যে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না বলেও তিনি দাবি করেন।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আলোচনা সভায় রাশেদ খাঁন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ প্রতিহত করার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন