EN ☀️
×

Follow Us

রাজনীতি

সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া বাতিলের আহ্বান গোলাম পরওয়ারের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া বাতিলের আহ্বান গোলাম পরওয়ারের
অ অ

সাইবার সুরক্ষা আইন-২০২৬ বহাল রেখে এর সংশোধিত খসড়া বাতিলের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আইনটি পাস হওয়ার চার-পাঁচ মাসের মধ্যেই কেন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

‘সাইবার সুরক্ষা আইন ২০২৬: নিরাপত্তা, নিয়ন্ত্রণ নাকি বাক্‌স্বাধীনতা দমন?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জামায়াতে ইসলামীর তথ্য ও সম্প্রচার বিভাগের উদ্যোগে সেমিনারটি হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের বয়স সাত মাস। আর সাইবার সুরক্ষা আইনের বয়স চার-পাঁচ মাস। এত অল্প সময়ের মধ্যে এমন কী ঘটেছে যে আইনটি সংশোধন করতে হবে, তা স্পষ্ট নয়। 

তার ভাষায়, ‘সরকারের মধ্যে অস্থিরতা ও দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে।’

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংসদে সাইবার সুরক্ষা আইন-২০২৬ হিসেবে পাস হয়েছে। কিন্তু আইনটি পাস হওয়ার চার-পাঁচ মাসের মধ্যেই সরকার এটি সংশোধনের উদ্যোগ নিয়েছে। তিনি এই উদ্যোগকে ‘হীন উদ্দেশ্যের’ বলে মন্তব্য করেন।

সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে এবং গণভোটের রায় উপেক্ষা করেছে। গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সাইবার সুরক্ষা আইনে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে পারেন রাজনৈতিক নেতা ও সাংবাদিকেরা। বিরোধী দল ও মত দমন এবং সরকারের দুর্নীতি ও দলীয়করণের তথ্য প্রকাশ ঠেকাতে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিএনপি সরকারের কার্যক্রমে বোঝা যায়, একটি নির্বাচিত সরকার কীভাবে ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে।

সেমিনারটি পরিচালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া দলের সদস্য মো. জাহিদুর রহমান।

সেমিনারে আরও বক্তব্য দেন গ্রীনওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, দৈনিক আমার দেশ-এর যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ব্যারিস্টার আল মামুন রাসেল এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ প্রমুখ।

আরও পড়ুন