EN ☀️
×

Follow Us

রাজনীতি

বিএনপির মন্ত্রিসভা নয়, এটা ভারত ও হাসিনার মন্ত্রিসভা: অলি আহমেদ

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ এএম

বিএনপির মন্ত্রিসভা নয়, এটা ভারত ও হাসিনার মন্ত্রিসভা: অলি আহমেদ

ছবি: সংগৃহীত

অ অ

বর্তমান সরকারের মন্ত্রিসভা নিয়ে তীব্র সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। তাঁর দাবি, বিএনপি যে মন্ত্রিসভা গঠন করেছে, সেটি বিএনপির মন্ত্রিসভা নয়; বরং তাঁর ভাষায়, ‘এটা ভারতের এবং হাসিনার মন্ত্রিসভা।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওই লংমার্চে বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

অলি আহমেদ বলেন, তিনি আশা করেছিলেন, দীর্ঘদিন বিদেশে থাকার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে যে পরিবর্তনের পরিকল্পনার কথা বলেছিলেন, তা বাংলাদেশের মানুষের স্বার্থকে কেন্দ্র করে হবে। কিন্তু বর্তমান সরকারের মন্ত্রিসভা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।

রংপুরের সমাবেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবির বিষয়েও জোর দেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, তিস্তা নদীর দুই তীরে নদীশাসনসহ প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করা উত্তরাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে আচরণের আহ্বান জানান তিনি।

অলি আহমেদ প্রধানমন্ত্রীকে ১১ দলীয় ঐক্যের নেতাদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের সমস্যা সমাধানে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার ও সুশাসন নিশ্চিত করতে হবে। তিনি সরকারকে আরও সময়ক্ষেপণ না করে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার পরামর্শ দেন।

এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়। উদ্বোধনী সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পথসভা শেষে রাতে রংপুরে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

লংমার্চের ঘোষিত দাবির মধ্যে ছিল গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

তবে অলি আহমেদের মন্ত্রিসভা নিয়ে করা অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন