EN ☀️
×

Follow Us

রাজনীতি

১৩ বছরের অপ্রতিমের মৃত্যুতে দুদুর ক্ষোভ, ‘এই বয়সে তার পৃথিবী হওয়ার কথা ছিল স্কুল-স্বপ্ন’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ এএম

১৩ বছরের অপ্রতিমের মৃত্যুতে দুদুর ক্ষোভ, ‘এই বয়সে তার পৃথিবী হওয়ার কথা ছিল স্কুল-স্বপ্ন’

ছবি: সংগৃহীত

অ অ

কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, যে বয়সে একটি শিশুর পৃথিবী হওয়ার কথা স্কুল, বন্ধু, পরিবার, পড়াশোনা ও ভবিষ্যতের স্বপ্ন ঘিরে, সেই বয়সেই অপ্রতিমের জীবন থেমে গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

পোস্টে শামসুজ্জামান দুদু লেখেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দিতে চাই।’ তিনি বলেন, ১৩ বছর বয়সে একটি শিশুর স্কুলের মাঠ, বন্ধুর মুখ, মায়ের রান্নাঘর, পরীক্ষার খাতা ও ভবিষ্যৎ নিয়ে স্বপ্নে থাকার কথা।

অপ্রতিমের মৃত্যুর ঘটনা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন তোলেন দুদু। তাঁর মতে, শুধু তদন্ত ও আইনি ব্যবস্থা নয়, একটি শিশু নিখোঁজ হওয়ার পর তাকে দ্রুত খুঁজে বের করতে রাষ্ট্রীয় ব্যবস্থার সক্ষমতাও নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশের লালমাই পাহাড়সংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তদন্তের স্বার্থে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ কারণ নিশ্চিত নয়।

অপ্রতিমের মৃত্যুতে শামসুজ্জামান দুদু বলেন, একটি শিশুর মৃত্যুকে কেবল সাময়িক সংবাদে সীমাবদ্ধ না রেখে এর মাধ্যমে শিশুদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্বের বিষয়গুলো নতুন করে ভাবা প্রয়োজন।

আরও পড়ুন