উসকানিতে পা না দিয়ে ধৈর্য-সংযমে লংমার্চ সফল করব: গোলাম পরওয়ার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে চরম ধৈর্য ও সংযমের সঙ্গে আগামীকাল শনিবারের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, লংমার্চের রুটে থাকা সব জেলা ও মহানগর শাখায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ হবে। এরপর সকাল ৮টার দিকে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে।
তিনি জানান, পথে গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হবে। পরে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
গোলাম পরওয়ার বলেন, ‘লংমার্চের বহরে থাকা নেতাকর্মীদের অনুরোধ করেছি, তারা যেন কোনো উসকানিতে পা না দেন। চরম ধৈর্য ও সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে আমাদের গণতান্ত্রিক কর্মসূচিকে আমরা সফল করব।’
তিনি বলেন, কেউ ক্ষতিগ্রস্ত হলেও বা গায়ে আঘাত লাগলেও প্রতিশোধ নেওয়ার চেয়ে লংমার্চ সফল করার মধ্যেই বেশি সার্থকতা। এ জন্য সরকার, বিএনপি, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক বিভাগ, রাস্তার দুই পাশের ক্ষুদ্র ব্যবসায়ী, পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের সহযোগিতা চান তিনি।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, উত্তরাঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে লংমার্চের সাত দফার সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করা হয়েছে। সরকারের প্রতি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
লংমার্চে হাজারের বেশি গাড়ি যুক্ত হবে দাবি করে গোলাম পরওয়ার বলেন, গাড়িগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও দায়িত্বশীল নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লংমার্চের সংবাদ সংগ্রহে আসা গণমাধ্যমকর্মীদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাংবাদিক ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও ড. রেজাউল করিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্মসূচির প্রস্তুতি পর্যালোচনা ও দায়িত্ব বণ্টন করা হয়।