EN ☀️
×

Follow Us

রাজনীতি

ইউনূসের চুক্তির কারণে ভালো সরকারও দেশ চালাতে হিমশিম খাবে: হাবিব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

ইউনূসের চুক্তির কারণে ভালো সরকারও দেশ চালাতে হিমশিম খাবে: হাবিব

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের করা চুক্তির কারণে ভবিষ্যতে যেকোনো ভালো সরকারের পক্ষেও দেশ পরিচালনা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি করেছে। নির্বাচনের মাত্র কয়েক দিন আগে ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আপনারা অন্তর্বর্তী সরকার, আপনারা কেন এগুলো চিন্তা করবেন? আপনারা ক্ষতি করে গেছেন। এখন যত ভালো সরকারই আসুক না কেন, এই চুক্তির কারণে দেশ চালানো মহাকঠিন।’

চুক্তির বিভিন্ন শর্তের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় অস্ত্র কিনতে গেলেও অনুমতির প্রয়োজন হতে পারে। পাশাপাশি খাদ্যদ্রব্য আমদানির ক্ষেত্রেও অন্য পক্ষের নির্ধারিত দামে পণ্য কিনতে হতে পারে বলে দাবি করেন তিনি।

হাবিবুর রহমান হাবিব আরও বলেন, ‘আরও অনেক ঘটনা আছে, যেগুলো বাংলাদেশকে সব সময় চেপে ধরে রাখার চেষ্টা করা হবে। হায়েনার মতো বাংলাদেশকে থাবা দিতে চাইবে।’

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর আমরা কারও কাছে দিয়ে দিতে চাই না। যারা বন্দর পরিচালনা করবেন, পরিচালনার খরচ ও লাভ রাখার পর তারা আমাদের দেবে। স্বাভাবিকভাবেই আমাদের রাজস্ব কম আসবে। এই বন্দরের মাধ্যমে বড় অঙ্কের ডলার দেশের বাইরে চলে যাবে। কারণ তাদের ডলারে পেমেন্ট করতে হবে।’

বর্তমান সরকারের প্রশংসা করে বিএনপির এই উপদেষ্টা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না। তার দাবি, বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে এবং বিশ্বের অন্যান্য দেশও বাংলাদেশকে সমীহ করতে শুরু করেছে।

ভারতের প্রসঙ্গে তিনি বলেন, ‘আগের সরকার ভারতে যাওয়ার জন্য উদগ্রীব থাকত। বর্তমান সরকার ভারতে যাওয়ার জন্য উদগ্রীব নয়; বরং নিয়ে যাওয়ার জন্য ভারতই এখন উদগ্রীব। তারা কতই না চেষ্টা করেছে। এখন নতুন নতুন শর্ত দেওয়ার চেষ্টা করছে। জনগণের দ্বারা নির্বাচিত এই সরকার ভারতের কাছে মাথা নত করবে না।’

আরও পড়ুন