জামায়াত আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করছে: রাশেদ খান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম
জামায়াতে ইসলামী আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাদের একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রের অংশ বলেও দাবি করেন তিনি।
গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।
এ সময় তিনি আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এ সংকট নিরসনে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ এ সংকটকে কেন্দ্র করে জামায়াতসহ বিরোধী দল লংমার্চের কর্মসূচি দিচ্ছে। চট্টগ্রামের পর রংপুরের উদ্দেশ্যে লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে। লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সংকটের মতো জাতীয় সমস্যার সমাধান হবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, সরকার যখন ভারতবিরোধী ও আধিপত্যবাদবিরোধী অবস্থানে রয়েছে, তখন সরকারের সহযোগিতায় না এসে জামায়াতের আওয়ামী লীগের সঙ্গে জোট করার চেষ্টা দুঃখজনক। জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পলাতক শেখ হাসিনা ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকান্ডের জড়িতদের ভারত থেকে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি বিবেচনা করা হবে না। এই দুটি দাবি পূরণ হলেই কেবল প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নিয়ে ভাবা সম্ভব।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, কোনো দেশের চাপ বা প্রভাবের ভিত্তিতে নয়, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, দোকান মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
