বাংলা ভাষা ও সাহিত্যে চর্চায় নতুন প্রজন্মের প্রতি আহ্বান প্রিন্সের
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
বাংলা ভাষা ও সাহিত্যে চর্চায় নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শুক্রবার রাতে জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে বাংলাবিদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন এবং সেরা বাংলাবিদদের হাতে পুরস্কার তুলে দেন।
আরও পড়ুন
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলা শুধু মাতৃভাষা নয়, এটি আত্মপরিচয়, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় এগিয়ে আসতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বাংলা ভাষার জন্য এ দেশের মানুষের আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়। সেই ভাষার প্রতি ভালোবাসা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না; বাংলা ভাষা ও সাহিত্যকে জানতে ও চর্চা করতে হবে এবং নতুন প্রজন্মের মধ্যে এর প্রতি ভালোবাসা তৈরি করতে হবে।
-6a9c017a43376.jpg)
তিনি আরও বলেন, ‘বাংলাবিদ’ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত করার একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ময়মনসিংহ জেলা স্কুলে সকাল থেকে দেড় হাজার ছাত্র-ছাত্রী ‘বাংলাবিদ’ প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন ধাপ শেষে প্রথমে ২০ জনকে বাছাই করা হয়। পরে মেধা, যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে তাদের মধ্য থেকে ৫ জনকে ময়মনসিংহের সেরা বাংলাবিদ নির্বাচিত করা হয়। বিজয়ী এই পাঁচজন এখন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের পরিচালক তাহের শিপন, ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক মীর মতিউল ইসলাম এবং মার্কেটিং ম্যানেজার আব্দুল্লাহিল মামুন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম ও নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা মাহফুজ আক্তার। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
