সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ এএম
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে রিজভী প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি কিছু সময় প্রতিমন্ত্রীর পাশে বসে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকেও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান।
রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন ও কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটে নিজের নির্বাচনি এলাকায় যাওয়ার পথে প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রতিমন্ত্রী ও তাঁর সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাম পায়ে এবং বুকে আঘাত লেগেছে।