EN ☀️
×

Follow Us

রাজনীতি

বিএনপির নেতৃত্বেই গণতন্ত্রের বিজয় হয়েছে: প্রতিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, টাঙ্গাইল

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

বিএনপির নেতৃত্বেই গণতন্ত্রের বিজয় হয়েছে: প্রতিমন্ত্রী
অ অ

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বিএনপির নেতৃত্বে দেশের মানুষ গণতন্ত্রের জন্য ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। তাঁর আন্দোলনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত গণতন্ত্রকামী প্রতিটি আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, যতবার গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ততবার বিএনপি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। বিএনপি কখনো গণতন্ত্রের বিপক্ষে যায়নি। তাঁর দাবি, বিএনপির নেতৃত্বেই ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পতন হয়েছে এবং গণতন্ত্রের বিজয় হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল হিসেবে বিএনপিকে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপিকে ফ্যাসিবাদী, স্বৈরাচার বা রাজাকার বলার সুযোগ নেই। কারণ বিএনপির নেতৃত্বেই ফ্যাসিবাদের পতন হয়েছে এবং গণতন্ত্রের বিজয় এসেছে।

সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের ব্যাগ ও পোশাক দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের স্বার্থ রক্ষা করেই রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকে রাত পর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করছেন। তাঁর দাবি, বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব তারেক রহমান।

দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে দাবি করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো গণতন্ত্রবিরোধী শক্তি যাতে আর ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জনসভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় এতে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন