EN ☀️
×

Follow Us

রাজনীতি

জনগণই বিএনপির ক্ষমতার উৎস: এমরান সালেহ প্রিন্স

ডেইলি সান রিপোর্ট, ময়মনসিংহ

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

জনগণই বিএনপির ক্ষমতার উৎস: এমরান সালেহ প্রিন্স
অ অ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণই বিএনপির ক্ষমতার উৎস। জনকল্যাণকে লক্ষ্য করে বিএনপি রাজনীতি করে এবং জনগণের সমর্থন ও ভালোবাসার কারণেই দলটি আজ শক্তিশালী অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধোবাউড়া উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, ‘বিএনপির ৪৮ বছরের ইতিহাস স্বৈরাচার ও ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মহাকাব্য।’ দেশি-বিদেশি অশুভ শক্তি আধিপত্য বিস্তারের জন্য বারবার বিএনপিকে ধ্বংস করতে চাইলেও জনগণের সমর্থন ও ভালোবাসায় দলটি আজ অবিনাশী শক্তিতে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে, বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির অপ্রতিরোধ্য ও অজেয় শক্তিতে পরিণত হয়েছে।

আলোচনা সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে জনগণ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুমোদনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নয়, সাধারণ মানুষের আয়-রোজগার বাড়াতেও সরকার কাজ করছে। জনগণের জীবনমান উন্নয়ন, আয়-রোজগার বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করা বিএনপি সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

সরকারকে সহযোগিতা করার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থনীতি, প্রশাসন, রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা তছনছ হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারেক রহমানকে সবকিছু পুনর্গঠন করতে হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক সংকটের পাশাপাশি এ খাতে আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বর্তমান সমস্যা তৈরি হয়েছে। বিএনপি সরকার কোনো অজুহাত দেখিয়ে সমস্যা আড়াল করতে চায় না; বরং সংকট সমাধানে সর্বাত্মক চেষ্টা করছে।

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে প্রিন্স বলেন, ছয় মাস বয়সী বিএনপি সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য দায়ী করে বিরোধী দল লংমার্চ কর্মসূচি দিয়েছে। এ ধরনের কর্মসূচি জনদুর্ভোগ আরও বাড়াতে পারে। জ্বালানি সংকটের মধ্যে শত শত গাড়িতে বিপুল পরিমাণ তেল-গ্যাস ব্যবহার করে লংমার্চ করলে সংকট আরও বাড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের প্রতি কর্মসূচি প্রত্যাহার করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

সার সংকট নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, কোনোভাবেই যেন কৃত্রিম সার সংকট তৈরি, অতিরিক্ত দামে সার বিক্রি, মজুতদারি কিংবা প্রকৃত কৃষকদের বঞ্চিত করার সুযোগ কেউ না পায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করার জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে কেউ সার বিক্রি করলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্যসচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় ধোবাউড়া বাজারে আয়োজিত সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াহেদ তালুকদার, হুমায়ূন কবির, মাহবুবুল আলম বাবুল, আব্দুল মোমিন শাহীনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন