EN ☀️
×

Follow Us

রাজনীতি

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষাই বিএনপির লক্ষ্য: রিজভী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষাই বিএনপির লক্ষ্য: রিজভী

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রিজভী।

রিজভী বলেন, দেশের এক চরম ক্রান্তিকালে ৪৮ বছর আগে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে দলটি কাজ করে আসছে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, দেশের সংকটকালে দুঃশাসনের বিরুদ্ধে জুলুম-নির্যাতন সহ্য করে তিনি দুর্বার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে বিএনপির জন্য আত্মত্যাগকারী নেতাকর্মীদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ও বহুদলীয় গণতন্ত্র বিএনপির মূল আদর্শ। শহীদ জিয়াউর রহমান প্রণীত ১৯ দফা কর্মসূচি দলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিত্তি। বাংলাদেশি পরিচয়কে দেশপ্রেমিক নাগরিকের মর্যাদার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।

প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের গণতন্ত্রের পথচলা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, জনগণের অধিকার যেন কোনো স্বেচ্ছাচারী শক্তি আর কখনো হরণ করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা ও স্বৈরাচারী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেই সম্ভাবনা আরও বিস্তৃত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্র ও সমাজে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, জনগণের মতামত ও ভোটাধিকারকে বিএনপি সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেয়। একই সঙ্গে দেশের অর্থনীতি, প্রশাসন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী করতে সরকার কাজ করে যাচ্ছে।

ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য ও সামাজিক অনাচার দূর করে একটি সমৃদ্ধ, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রিজভী।

কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, নারী ও শিশুসহ সমাজের সর্বস্তরের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথাও বাণীতে উল্লেখ করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভদিনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে দলের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আরও পড়ুন