EN ☀️
×

Follow Us

রাজনীতি

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পে ধস, বেকার হচ্ছেন শ্রমিক: রুহুল আমিন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:৪৪ পিএম

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পে ধস, বেকার হচ্ছেন শ্রমিক: রুহুল আমিন

ছবি: সংগৃহীত

অ অ

গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকেরা বেকার হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

রবিবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট শুধু শিল্পখাতকে ক্ষতিগ্রস্ত করছে না; এর প্রভাব পড়ছে কর্মসংস্থান, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রায়।

তিনি বলেন, গ্যাসের সংকটের কারণে অনেক শিল্পকারখানা স্বাভাবিক উৎপাদন চালাতে পারছে না। কোথাও উৎপাদন কমে গেছে, আবার কোথাও কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কারখানা বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শ্রমিকেরা। তাঁরা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়ছেন। এর প্রভাব তাঁদের পরিবারের ওপরও পড়ছে।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটও শিল্প ও ব্যবসা-বাণিজ্যের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ছাড়া উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব নয়।’

তিনি বলেন, উৎপাদন ব্যাহত হলে একদিকে উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়েন, অন্যদিকে বাজারে পণ্যের সরবরাহ কমে গিয়ে সাধারণ মানুষের ওপরও এর চাপ পড়ে।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এই সংকটকে ছোট করে দেখার সুযোগ নেই। শিল্পকারখানা বন্ধ হওয়া মানে শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়; এর সঙ্গে হাজার হাজার শ্রমিকের জীবিকা, পরিবারের ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতির বিষয় জড়িত।’

সরকারকে দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জরুরি সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, সরদার মো. শাহজাহানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন