বাংলাদেশের মাটিতে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:৩৯ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্র টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় বিএনপির আয়োজনে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না।
দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও সরকারের পক্ষেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।
গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় ছিল উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই সময়ে কোনো ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন দেশের মানুষের উন্নয়নের সুযোগ এসেছে।
ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।