EN ☀️
×

Follow Us

রাজনীতি

রংপুরের ভোটাধিকার নিয়ে ফখরুলের বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের এমপিদের

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:০৫ এএম

রংপুরের ভোটাধিকার নিয়ে ফখরুলের বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের এমপিদের

ছবি: সংগৃহীত

অ অ

রংপুরবাসীর রাজনৈতিক সিদ্ধান্ত, ভোটাধিকার, মর্যাদা ও উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে অগণতান্ত্রিক, আপত্তিকর ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর রংপুরের সংসদ সদস্যরা।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্যদের পক্ষে লিখিত বক্তব্যে এ দাবি জানান রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

তিনি বলেন, গত ৯ আগস্ট রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল রংপুরের মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত ও ভোটাধিকার নিয়ে মন্তব্য করেন। তাঁর বক্তব্যে রংপুরের মানুষ বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলকে সমর্থন করায় উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে—এমন ধারণা প্রকাশ পেয়েছে। এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মাহবুবুর রহমান বেলাল বলেন, কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন, তা জনগণের নিজস্ব গণতান্ত্রিক অধিকার। কোনো অঞ্চলের মানুষ ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করলে তার কারণে উন্নয়ন ব্যাহত হবে—এমন ধারণা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। সরকারের দায়িত্ব দল-মত নির্বিশেষে দেশের সব অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা।

তিনি বলেন, রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি বৈষম্যের অবসান, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এসব দাবি পূরণ করা সরকারের দায়িত্ব। ভোটের সঙ্গে উন্নয়নকে শর্তযুক্ত করা কোনোভাবেই যুক্তিসংগত নয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান বেলাল। একই সঙ্গে রংপুরবাসীর রাজনৈতিক অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রংপুরের উন্নয়ন কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের পুরস্কার নয়। বাংলাদেশের নাগরিক হিসেবে রংপুরের মানুষও সমান অধিকার ও ন্যায্য উন্নয়নের দাবিদার। ভবিষ্যতে কোনো অঞ্চলের উন্নয়নকে রাজনৈতিক আনুগত্যের সঙ্গে যুক্ত না করার আহ্বানও জানান তিনি।

সংবাদ সম্মেলনে রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমীন, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান ও জেলা সেক্রেটারি এনামুল ইসলামসহ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন