আধিপত্যবাদ বা পরাধীনতার কাছে বাংলাদেশ মাথা নত করবে না: প্রিন্স
ডেইলি সান রিপোর্ট, ময়মনসিংহ
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম
ছবি: ডেইলি সান
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বাংলাদেশ কোনো আধিপত্যবাদ বা পরাধীনতার কাছে মাথা নত করবে না। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ধোবাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস। গতকালের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে।’ তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া বাংলাদেশের মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত করেছে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর কোনোভাবেই তাবেদার রাষ্ট্রে পরিণত করা যাবে না। ফ্যাসিবাদী রাজনীতির কোনো সুযোগ বাংলাদেশে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন পথ উন্মুক্ত হয়েছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে। জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
ধোবাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, আবদুল মোমিন শাহীনসহ অন্যান্য নেতারা। এ ছাড়া জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জুলাই শহীদ পরিবারের সদস্য ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে ব্যাপক সমাগম ঘটে।