EN ☀️
×

Follow Us

রাজনীতি

সব কিছুর বিনিময়ে জুলাইকে বাঁচিয়ে রাখব: বিরোধীদলীয় নেতা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম

সব কিছুর বিনিময়ে জুলাইকে বাঁচিয়ে রাখব: বিরোধীদলীয় নেতা

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সব কিছুর বিনিময়ে জুলাইকে বাঁচিয়ে রাখব। জুলাই এসেছে বৈষম্যের বিরুদ্ধে আঘাত হানতে। বাংলাদেশে আর বৈষম্য চলবে না। যারা এখন ক্ষমতায় গিয়ে বৈষম্য করছে, তাদেরই এর মাশুল দিতে হবে।’

রবিবার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত ‘জান দেবো, জুলাই দেবো না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারও আগের সরকারের পথেই হাঁটছে। তার ভাষায়, ‘আগের ফ্যাসিস্ট যা করেছে, বর্তমান সরকারও হুবহু তাই করছে। আগের ফ্যাসিস্ট সরকারের ফটোকপি এখন দেখা যাচ্ছে। বিরোধী দল দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগ—সবই আবার ফিরে এসেছে।’

তিনি বলেন, জাতীয় সংসদে তার দল গণভোট ও নির্বাচনসংক্রান্ত বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। জনগণের গণরায় ও মতামতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হচ্ছে। জনগণের মতামত অগ্রাহ্য করা হলে তারা রাজপথে প্রতিবাদে নামবে বলেও সতর্ক করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম কারণ ছিল বৈষম্য এবং জনগণের ভোটাধিকার অস্বীকার। বর্তমান পরিস্থিতিতে একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলেও তিনি দাবি করেন।

প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হলে রাষ্ট্রীয় নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়। জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান না করলে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলী আহমেদ বীর বিক্রম বলেন, জনগণের সঙ্গে করা সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান সেই পরিবর্তনের সুযোগ সৃষ্টি করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল বৈষম্য, অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম। জনগণের প্রত্যাশা পূরণে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, এনসিপির নেত্রী মনিরা শারমিন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুছা বিন ইজহার এবং জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান।

এ ছাড়া বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন