EN ☀️
×

Follow Us

রাজনীতি

জুলাইয়ের বিজয় জনগণের, কোনো ব্যক্তি বা দলের নয়: শফিকুর রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম

জুলাইয়ের বিজয় জনগণের, কোনো ব্যক্তি বা দলের নয়: শফিকুর রহমান
অ অ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-আন্দোলনের বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের জনগণের বিজয়। তিনি বলেন, ওই আন্দোলনের কৃতিত্ব এককভাবে কেউ দাবি করতে পারে না এবং জুলাইয়ের শহীদরা কোনো দলের সম্পত্তি নন, তারা পুরো জাতির।

শুক্রবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, যা পরে ১ আগস্ট কার্যকর করা হয়। ওই সিদ্ধান্তের পর দলটি জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায়। তিনি দাবি করেন, এর কয়েক দিনের মধ্যেই তৎকালীন সরকার দেশ ছাড়তে বাধ্য হয়।

জুলাই গণ-আন্দোলনে শ্রমিকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, আন্দোলনে নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন শ্রমিক। তাদের দাবি ছিল বৈষম্যহীন সমাজ এবং সম্মানজনক জীবনযাপনের সুযোগ।

দেশে চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, পরিবহন খাতসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি। বাস, ট্রাক ও সিএনজি স্ট্যান্ডে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা ও যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, শ্রমিকদের ১২ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করতে হওয়াই দুঃখজনক। এসব দাবি তাদের মৌলিক অধিকার হওয়া উচিত ছিল।

জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সরকার এ ক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে পারেনি। শহীদ পরিবার ও আহতদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরও শ্রমিকদের জীবনমানের প্রত্যাশিত উন্নতি হয়নি। তিনি পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, পরিবহন খাতে নতুন করে চাঁদাবাজির প্রবণতা তৈরি হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। এ সময় সংগঠনের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়।

আরও পড়ুন