জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার ফলপট্টি-সংলগ্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর, মিরপুর জোন আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং খুন, গুম, হত্যা, সন্ত্রাস ও নিপীড়নের অবসান ঘটানো। তিনি বলেন, এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, জুলাইয়ে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নিহতদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া এবং তাদের পরিবারের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের বিষয়টি বিবেচনা করা উচিত। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থাপনা ও সড়কের নাম জুলাইয়ের শহীদদের নামে নামকরণেরও আহ্বান জানান তিনি।
জুলাই সনদের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, গণভোটের রায়ের যথাযথ বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণেরও আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে দল-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব বা টালবাহানা গ্রহণযোগ্য নয়। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক হারুন অর রশীদ খান এবং ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।
এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা, ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্বজন এবং দলীয় নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।