EN ☀️
×

Follow Us

রাজনীতি

সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে: আনিসুল ইসলাম মাহমুদ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে: আনিসুল ইসলাম মাহমুদ
অ অ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সময়ের প্রয়োজনে বিভিন্ন সময় দেশের সংবিধান সংশোধন হয়েছে। জাতীয় পার্টির শাসনামলেও সংবিধান সংশোধন করা হয়েছে। প্রয়োজনে বর্তমান সময়েও সংবিধান সংশোধন হতে পারে। তবে তা হতে হবে দেশের স্বার্থ, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের প্রত্যাশার আলোকে।

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সংবিধান একটি চলমান দলিল। সময়, রাষ্ট্র এবং জনগণের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের বিভিন্ন দেশেই সংবিধান সংশোধনের নজির রয়েছে। বাংলাদেশেও অতীতে বিভিন্ন সময়ে সংবিধান সংশোধন হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন দেখা দিলে তা হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের জন্য দরকার প্রাদেশিক সরকার একই সঙ্গে দরকার বিচারব্যবস্থার বিকেন্দ্রীকরণ। এছাড়া রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়ে মনোযোগ দেওয়ার সময় এসেছে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রকে শক্তিশালী করে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করে। এ ক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো সুশাসন, আইনের শাসন এবং জনগণের অধিকার নিশ্চিত করা। দেশের বর্তমান বাস্তবতায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে। মতের ভিন্নতা থাকলেও রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সংলাপের সংস্কৃতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সরকারকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে প্রতিটি নাগরিক সমান আইনি সুরক্ষা ও ন্যায়বিচার পাবে।

সভায় জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মোস্তাক আল মাহমুদ, চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রতনা, চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য সরদার শাহজাহান, মো. বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন মানিক, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, ভাইস চেয়ারম্যান ডা. সেলিমা খান, যুগ্ম মহাসচিব এস এম আল জুবায়ের, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, তাসলিমা আকবর রুনা, আব্দুস সাত্তার, সৈয়দ সিরাজুল আরেফিন মাসুম, জিয়া উর রহমান বিপুল,জহির উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  নাজমুল খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন