ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সাদা দলের শোক
ডেইলি সান রিপোর্ট, ঢাবি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক সংগঠন সাদা দল প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. মোরশেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম ও অধ্যাপক মো. আবুল কালাম সরকারের স্বাক্ষরিত এক যৌথ শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুলাই ভোর ৪টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের রাজনৈতিক অঙ্গন, সংসদীয় গণতন্ত্র, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দীর্ঘ ও গৌরবোজ্জ্বল অবদান রেখে গেছেন।
সাদা দলের নেতারা বলেন, “ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।”
তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। নেতারা আরও বলেন, রাষ্ট্র পরিচালনা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, আইন পেশা এবং জনজীবনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।