স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, এমপি।
রোববার (৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতার দায়িত্ব গ্রহণের পর স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাস হওয়া জাতীয় বাজেট, বাংলাদেশ-স্পেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণের বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
বৈঠকে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ, রোহিঙ্গা সংকটের সম্ভাব্য সমাধান এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ডা. মো. শফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করে বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে স্পেনের অবস্থানেরও প্রশংসা করেন তিনি।
স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।