অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংঘাত, প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে সংলাপ, সহনশীলতা এবং অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
রবিবার (৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান জানিয়েছেন, তা একটি ইতিবাচক বার্তা। দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে আসতে হবে। নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো রাজনৈতিক শক্তিকে অযথা বাইরে না রেখে সবার অংশগ্রহণ নিশ্চিত করেই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।
সভার শুরুতে জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি সব সময় গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, দেশের মানুষ এখন সংঘাত নয়, কার্যকর গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনকল্যাণমুখী রাজনীতি দেখতে চায়। জাতীয় পার্টি সেই প্রত্যাশা পূরণে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালন করবে।
তিনি আগামী ১৪ জুলাই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা ও সব সাংগঠনিক ইউনিটে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রেসিডিয়াম সভায় নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপাসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
সভায় নেতারা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যন্ত জোরদার, নতুন সদস্য সংগ্রহ, তরুণ নেতৃত্বকে এগিয়ে আনা এবং জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে মাঠে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতীয় পার্টিকে একটি দায়িত্বশীল, গণমুখী ও কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।