সাংবাদিকদের ওপর হামলায় দুঃখ প্রকাশ জামায়াতের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৪২ পিএম
ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জামায়াত। ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে এ হামলার ঘটনা ঘটে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার বিষয়ে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন বলেন, জামায়াত স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে সচেতন।
তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের কোনো পর্যায়ের নেতাকর্মী জড়িত থাকলে অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেলাওয়ার হোসেন জানান, ঘটনার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি জামায়াতের কর্মসূচিতে কোনো অনুপ্রবেশকারী এমন ঘটনা ঘটিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামীকালের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের খোঁজখবর নিতে যান। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের ধৈর্য ধরার আহ্বান জানান।