EN ☀️
×

Follow Us

রাজনীতি

কোনো ধর্মই অন্যায় কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র রায়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম

কোনো ধর্মই অন্যায় কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

অ অ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না। ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কোনো আইন বা কর্মকাণ্ড সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

সোমবার (২২ জুন) সকালে কেরানীগঞ্জ উপজেলা হলরুম-এ আয়োজিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’-এর সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সব ধর্মেই ভালো ও মন্দ কাজের প্রতিফল সম্পর্কে সুস্পষ্ট ধারণা রয়েছে। মানুষ তার কর্ম অনুযায়ী ফল ভোগ করবে। ধর্ম ও নৈতিকতার শিক্ষা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বিধি-নিষেধ ও সরকারি নিয়ন্ত্রণের বাইরে ছিল না। ফলে অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের সময়ে তাকে ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে দেওয়া হয়নি। সে সময় তিনি বিভিন্ন স্থানে গাড়িতে করে ইফতার বিতরণ করেছেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ইসলাম যেমন নিরাকার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তেমনি আমি একজন হিন্দু হিসেবে সর্বশক্তিমান সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। ধর্ম ও কর্ম একে অপরের পরিপূরক।”

তিনি আরও বলেন, রাষ্ট্রের আইন ও দেশের প্রচলিত বিধিবিধান মেনে চলতে হবে। সমাজে কোনো ধরনের উগ্রবাদ প্রতিষ্ঠার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ মো. আল-আমীন, বিএনপি নেতা আলি হোসেন আলী, চঞ্চল এবং যুবদল নেতা আরমান উল্লাহ ডাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন