গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাষ্ট্রীয় সংস্কার সম্ভব নয়: গোলাম পরওয়ার
ডেইলি সান রিপোর্ট, খুলনা
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:১২ পিএম
ছবি: সংগৃহীত
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও দলীয় প্রভাবমুক্ত প্রশাসন এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
১১-দলীয় ঐক্যের আগামীকাল শনিবারের বিভাগীয় সমাবেশের প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ শেষে শুক্রবার (১৯ জুন) রাত ৮টায় খুলনা সার্কিট হাউস মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণের আত্মত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা যদি আবারও একদলীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কর্তৃত্ববাদী শাসনে রূপ নেয়, তাহলে তা জাতির জন্য উদ্বেগের বিষয় হবে।
তিনি বলেন, রাষ্ট্র কাঠামোয় মৌলিক সংস্কার নিশ্চিত না হলে অতীতের রাজনৈতিক সংকট পুনরাবৃত্তির ঝুঁকি থেকে যাবে।
জুলাই অভ্যুত্থানের পর জনগণ বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রের যে স্বপ্ন দেখেছিল, তার আইনি ভিত্তি ছিল জুলাই সনদের আলোকে গণভোটের রায় বাস্তবায়ন—এমন মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি গণভোটের সাংবিধানিক প্রয়োজনীয়তা অস্বীকার করছে, যা রাজনৈতিক সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
তিনি আরও জানান, জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদের বৈঠক আহ্বানের আবেদন জানিয়েছেন।
সরকারের নীতি-পরিকল্পনার সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জুলাই সনদের কার্যকর বাস্তবায়নের দাবিতে কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি দেশবাসীকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, খুলনা সার্কিট হাউস মাঠে মঞ্চ নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। মাঠের পাশাপাশি আশপাশের সড়কেও জনসমাগম হতে পারে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য আবুল কালাম আজাদ এমপি; সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান; খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন; মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি; জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।