ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে জেডআরএফের দিনব্যাপী কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:২৪ পিএম
ছবি: কামরুল ইসলাম রতন
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজ মিলনায়তনে কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ এবং গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান শিশুদের উদ্দেশে বলেন, “ডা. জুবাইদা রহমান আপন মেধা ও মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী। তিনি জন্মদিনের আড়ম্বর বা জাঁকজমকপূর্ণ আয়োজন সমর্থন করেন না। মেধাবী প্রজন্ম তৈরিতে, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে এবং রাষ্ট্র গঠনে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন। আজকের এই জন্মদিনের আয়োজনেও তার সেই আদর্শের প্রতিফলন ঘটেছে।”

পরে ড. আব্দুল মঈন খান কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে একটি নিমগাছ রোপণ করেন এবং পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুয়াশা হুমায়ুন চৌধুরী এবং সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান।
আরও উপস্থিত ছিলেন যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদ, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, সরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসানসহ তিনটি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।