পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াতের এমপি জন্মেছেন ১৯৮১ সালে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৪৯ এএম
জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিমকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধে তাঁর পরিবারের অবদানের বিষয়ে দেওয়া বক্তব্যের সঙ্গে তাঁর জন্মসালের তথ্যের অসামঞ্জস্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুনতাকিম তাঁর পরিবারের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার কথা তুলে ধরেন।
বক্তব্যে তিনি বলেন, “আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।”
তবে সংসদ সদস্যের এই বক্তব্যের পর তাঁর নির্বাচনী হলফনামায় উল্লেখিত জন্মতারিখ নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, আব্দুল মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। বিভিন্ন উন্মুক্ত অনলাইন সূত্রেও একই জন্মতারিখ উল্লেখ রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, যদি তাঁর বাবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হয়ে থাকেন, তাহলে ১৯৮১ সালে তাঁর জন্ম কীভাবে সম্ভব হলো।
তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সংসদ সদস্য আব্দুল মুনতাকিমের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুক্তিযুদ্ধের ইতিহাস ও পারিবারিক পরিচয় সম্পর্কিত বক্তব্যের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও তথ্যগত নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বিষয়ে বিভ্রান্তি তৈরি হলে সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে দ্রুত ও সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে সংসদ সদস্যের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।