শহীদ জিয়ার আদর্শই বিএনপিকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়েছে: হুইপ দুলু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:২৭ পিএম
জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি বলেছেন, দেশের রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, উন্নয়ন দর্শন এবং জনগণের কাছে তাঁর গ্রহণযোগ্যতাই বিএনপিকে বারবার জনগণের আস্থা অর্জন করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে।
সোমবার (৮ জুন) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলরুমে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিয়েছেন এবং এ জন্য নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।
তিনি দাবি করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশে নির্বাচন নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময়সূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে জিয়া পরিবারের অবদান জনগণ দীর্ঘদিন স্মরণ করবে।
আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে হুইপ দুলু বলেন, দীর্ঘ সময় পর একটি গণতান্ত্রিক সরকার জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে একটি সুষম ও জনমুখী বাজেট উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। তিনি দাবি করেন, বিগত সরকারের রেখে যাওয়া প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপের মধ্যেই এ বাজেট প্রণয়ন করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক বিভিন্ন উদ্যোগ এ বাজেটে প্রতিফলিত হবে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতিফলন বাজেটে দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।