EN ☀️
×

Follow Us

রাজনীতি

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মনজুর-সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৫০ এএম

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মনজুর-সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা
অ অ

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সভা ও মিছিলের ঘটনায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার পর অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল এলাকার মো. জামান বাবু (২৩) ও মো. সাইফুল ইসলাম সজিব (২৫)-এর পরিচয় জানা গেলেও অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে সাবেক চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম ও সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে ঘটনার প্রধান পৃষ্ঠপোষক ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া আসামিদের তালিকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বখতিয়ার সাঈদ ইরান, সাবরিনা চৌধুরী, জসিম উদ্দিন মুহুরী, ফোরকান উদ্দিন বাচ্চু এবং মো. জসিমের নাম রয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের আজিমনগর এলাকায় নাজিরহাট-মাইজভান্ডার সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন—এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি টহল দল।

অভিযোগ অনুযায়ী, মিছিল থেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কর্মসূচির আয়োজন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা মশাল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে চারটি বাঁশের তৈরি মশাল জব্দ করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী কয়েকজন শীর্ষ নেতার নির্দেশনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতির উদ্দেশ্যে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

এর আগে বৃহস্পতিবার ফটিকছড়ির রোসাংগিরী এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ছাত্রলীগের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে ওই সভার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন