ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, তীব্র নিন্দা জামায়াতের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের গুলি, লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ ঘটনায় গ্রাহকদের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।
সোমবার (১ জুন) দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ব্যাংকের স্বার্থ রক্ষা এবং নবনিযুক্ত বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে সাধারণ গ্রাহকরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কিন্তু কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ তাদের ওপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে এবং একপর্যায়ে গুলি চালায় বলে অভিযোগ করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, পুলিশের গুলিতে বহু আমানতকারী আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের বলপ্রয়োগ অত্যন্ত নিন্দনীয় এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের গ্রাহকদের অভিযোগ গুরুতর ও যৌক্তিক। তাদের আশঙ্কা, নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ব্যাংকটি আবারও অনিয়ম ও লুটপাটের ঝুঁকিতে পড়তে পারে। তাই আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাহকদের উদ্বেগ প্রকাশ এবং আন্দোলন করা তাদের সাংবিধানিক অধিকার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ব্যাংক জনগণের আমানতের ওপর পরিচালিত হয়। তাই গ্রাহকদের স্বার্থ উপেক্ষা করে কোনো ব্যাংক পরিচালনা করা সম্ভব নয়। সাধারণ আমানতকারীদের কণ্ঠরোধ করতে পুলিশের গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি অবিলম্বে গ্রাহকদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানান। পাশাপাশি বিতর্কিত চেয়ারম্যানের নিয়োগ বাতিল করে ব্যাংকের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।