কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:২০ পিএম
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের গুঞ্জন এবার প্রকাশ্য বিতর্কে রূপ নিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অন্তর্বর্তী সরকারে একটি 'কিচেন কেবিনেট' থাকার বিষয়টি সামনে আনেন। তার এই বিস্ফোরক মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—কারা ছিলেন সেই গোপন নীতি নির্ধারণী ফোরামের সদস্য?
এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ছাত্র আন্দোলন থেকে উঠে এসে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম। তবে আজ মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন দলটির বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "আমি কোনো কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না।"
তৌহিদ হোসেনের বক্তব্যের আরও বিষয় নিয়েও কথা বলেন তিনি। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তার দাবি, চুক্তির বিষয়ে এনসিপির সাথেও কোনো আলোচনা হয়নি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তবর্তীকালীন সরকারের ওপর দায় চাপিয়েছে। এই চুক্তি তারেক রহমান করিয়েছেন। চুক্তির কোনো কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক বা বাতিলও করতে পারে, যুক্তরাষ্ট্রের সাথে অনেক দেশই চুক্তি বাতিল করেছে।
রাজনীতি, কূটনীতি পেরিয়ে ক্রিকেট পাড়াকেও টেনে আনলেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা। অভিযোগ করেন, এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি, সবাই এসেছে বাবার পরিচয়ে। ক্রীড়াকে পরিবারকরণ করেছে বিএনপি। অন্তবর্তীকালীন সরকারের সময় যোগ্য ব্যক্তিদের কাউন্সিলর করা হয়েছিল।