মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা উন্নতির পথে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:৩১ এএম
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বর্তমানে আগের তুলনায় মির্জা আব্বাস অনেকটাই স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।
শনিবার (১৬ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাসকে রাখা হয়েছে। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থায় সন্তোষজনক অগ্রগতি দেখা যাচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন এবং চিকিৎসা অগ্রগতিতে চিকিৎসক দল সন্তোষ প্রকাশ করেছেন।
আফরোজা আব্বাস আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন কিছু সময় তিনি হাসপাতালের নিচে হুইলচেয়ারে চলাফেরা করছেন বলেও জানান তিনি।
এদিকে হাসপাতালে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মির্জা আব্বাসকে দেখতে ভিড় করছেন। তিনি তাদের সঙ্গে কথা বলছেন এবং খোঁজখবর নিচ্ছেন।
প্রবাসী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, ফয়সালসহ আরও অনেকে।
পরিবার ও দলীয় নেতাকর্মীরা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন