আপ বাংলাদেশের সব শাখা কমিটি বাতিল, পুনর্গঠন হচ্ছে কেন্দ্র
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন রাজনৈতিক দল এনসিপিতে। দলের গুরুত্বপূর্ণ পদও পেয়েছেন তারা। কেন্দ্রীয় নেতারা এনসিপিতে যুক্ত হলেও সংগঠনের কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে। কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করবে আপ বাংলাদেশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে আপ বাংলাদেশের সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এসব তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সব শাখা কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং নতুন নেতৃত্ব বিকাশের লক্ষ্যে পূর্ববর্তী কমিটিগুলো আর কার্যকর থাকবে না।
কেন্দ্রীয় কমিটি সম্পর্কে বিবৃতিতে বলা হয়েছে, সংগঠন পরিচালনার জন্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করে শিগগিরই একটি ‘ন্যাশনাল ওয়ার্কিং কমিটি’ গঠন করা হবে।
এই কমিটি সংগঠন পরিচালনা, সাংগঠনিক মজবুতি এবং দেশব্যাপী সংগঠনের সম্প্রসারণবিষয়ক যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
আপ বাংলাদেশের আগামী দিনের কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু হবে রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার এবং রাষ্ট্রের ক্ষমতা কাঠামোতে সাধারণ নাগরিকদের ন্যায্য হিস্যা নিশ্চিত করা। এ ছাড়া সরকারি অফিস ও চাকরিতে ঘুষ, সাধারণ নাগরিকদের হয়রানি, সকল প্রকার দুর্নীতি এবং পুলিশ ব্রুটালিটির বিরুদ্ধে জোরালো জনমত গড়ে তোলাই হবে আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য- বলা হয়েছে বিবৃতিতে।
গত রবিবার আপ বাংলাদেশ, এবি পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক পার্টতে (এনসিপি) যোগ দিয়েছেন প্রায় অর্ধশত নেতাকর্মী।
পরে এনসিপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ অনেক পদে তাদের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদকে এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার সানী আব্দুল হক, রাফে সালমান রিফাত ও শাহরিন সুলতানা ইরা।
