তেলের দাম বৃদ্ধি জীবনযাত্রাকে আরও দুরূহ করবে: পীর চরমোনাই
তিনি বলেন, বৈশ্বিক সংকটের বোঝা জনগণের ওপর না চাপিয়ে সরকারকে বিকল্প পথ খুঁজে বের করতে হবে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন ও দুর্বিষহ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর চরমোনাই)। তিনি বলেন, বৈশ্বিক সংকটের বোঝা জনগণের ওপর না চাপিয়ে সরকারকে বিকল্প পথ খুঁজে বের করতে হবে।
রবিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে পীর চরমোনাই এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে নিত্যপণ্যের দাম ও যাতায়াত খরচসহ জীবনযাত্রার প্রতিটি খাতের ব্যয় বেড়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে সীমিত আয়ের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর।
পীর চরমোনাই বলেন, বৈশ্বিক সমস্যা মোকাবিলায় তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপানো একটি সহজ ও বহুল প্রচলিত পন্থা। আমরা সরকারকে বলব, সংকটের সমাধানে নিম্ন ও মধ্যবিত্তকে বলির পাঁঠা বানাবেন না।
রেজাউল করিম বলেন, তেলের দাম লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথমত, লিটার প্রতি একসঙ্গে এত টাকা বৃদ্ধি সব ক্ষেত্রে অনেক বড় চাপ তৈরি করবে। দ্বিতীয়ত, একদল অসাধু ব্যবসায়ী এর অপব্যবহার করে আনুপাতিক হারে অনেক বেশি মূল্যবৃদ্ধি করে জনজীবনকে আরও কঠিন করে তুলবে।
তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে, সরকারের তদারকি ও দক্ষতার অভাবে অসৎ ব্যবসায়ীরা তাদের অপকর্মে সফলতাও পাবে। তাই সরকারকে বলব, প্রশাসনের সকল শক্তি ব্যবহার করে প্রতিটি ক্ষেত্রে নজরদারি করুন। তদারকি করুন। কেউ যেনো তেলের মূল্যবৃদ্ধির অসৎ ব্যবহার করতে না পারে।
