ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পাশের চেয়ারে বসা নিয়ে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। এতে বিরক্ত হয়ে মন্ত্রী ঘটনাস্থলই ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রী আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর তার পাশের একটি চেয়ারে গিয়ে বসেন এক যুবদল নেতা। বিষয়টি নিয়ে স্থানীয় আরেক যুবদল নেতা ক্ষিপ্ত হয়ে উঠলে উভয়ের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং উভয় নেতার পক্ষ নিয়ে আরও বেশ কিছু কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়েন। নিজের সামনেই নেতাকর্মীদের এমন মারামারি দেখে মন্ত্রী অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ হন। পরে মন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির বলেন, অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। মন্ত্রীর নির্দেশে তাঁকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।