আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি ইসলামী আন্দোলনের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:০৯ এএম
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়কে বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১০ এপ্রিল) দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রায়কে তারা স্বাগত জানালেও মামলার ২৫ জন আসামির মধ্যে মাত্র দুজন গ্রেপ্তার আছেন, বাকি সবাই এখনো পলাতক। তিনি সরকারকে তাদের আটক করতে আরও জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এই মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার, সাবেক মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর সাবেক ভিসিসহ মোট ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
ইসলামী আন্দোলনের মুখপাত্রের মতে, ট্রাইব্যুনালের রায় বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ মাত্র; উচ্চ আদালতের শুনানি ও অন্যান্য ধাপ শেষে রায় বাস্তবায়ন হবে। তিনি দাবি করেন, হুকুমদাতাদের ভূমিকা আরও গভীরভাবে তদন্ত ও শাস্তির আওতায় আনা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে কেউ আর সাধারণ মানুষের ওপর গুলি চালানোর সাহস পাবে না।