সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আইনি ব্যাখ্যার বক্তব্য চলার মধ্যেই ফেসবুকে জবাব শিশির মনিরের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০১:১৯ এএম
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ অধিবেশনে বক্তৃতার মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদকে ‘সার্বভৌম’ বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশগ্রহণ করে জুলাই জাতীয় সনদ নিয়ে আইনি ব্যাখ্যা করতে গিয়ে এ কথা বলেন তিনি। তিনি স্পিকারের অনুমতি নিয়ে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তফশিল উদ্ধৃত করে গত বছরের জারি করা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’-এর আইনি অসারতাও ব্যাখ্যা করেন।
বিগত সরকারের জারি করা আদেশটিকে ‘ভয়েড অ্যাব ইনিশিও’ (শুরু থেকেই বাতিল) আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর থেকে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো ক্ষমতা নেই। সংবিধানের চতুর্থ তফশিলের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সেই ক্ষমতা রহিত করা হয়েছে। সুতরাং যে আদেশের জন্মই অবৈধ, তার ভিত্তিতে কোনো অধিবেশন আহ্বান করা যায় না। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতারণার দলিল। এটি না অধ্যাদেশ, না আইন। এটি সার্বভৌম পার্লামেন্টের অধিকার ক্ষুণ্ন করার একটি ব্যর্থ চেষ্টা।’’
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য চলার মধ্যেই ফেসবুকে একটি পোস্ট দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের একটি অংশের বিরোধিতা করেন। মোহাম্মদ শিশির মনির পোস্টে লেখেন, ‘‘অবশ্যই বাংলাদেশের সংসদ সার্বভৌম নয়। ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম।’’
বিএনপি সংস্কার চায় না—এমন প্রচারণাকে বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন, ‘‘একটি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না। আমরা স্পষ্ট বলতে চাই, ২০২৫ সালে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও বাক্য আমরা ধারণ করি। তবে আমরা সেই সংস্কার চাই যা সংবিধানসম্মত এবং জনগণের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখে।’’