EN ☀️
×

Follow Us

রাজনীতি

সংবাদমাধ্যম স্বাধীন থাকলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভও ঠিক থাকে: ডা. শফিকুর রহমান

শফিকুর রহমান বলেন, আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। ফ্যাসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারেনি।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম

সংবাদমাধ্যম স্বাধীন থাকলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভও ঠিক থাকে: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদপত্র বা গণমাধ্যম। এই স্তম্ভটি যদি তার নিজস্ব জায়গায় শক্ত ও সোজা থাকে, তবে রাষ্ট্রের বাকি তিনটি স্তম্ভও সঠিকভাবে চলতে বাধ্য হয়। আর গণমাধ্যমের অংশটি ভেঙে পড়লে বা ব্যর্থ হলে রাষ্ট্রের বাকি অঙ্গগুলোও স্বয়ংক্রিয়ভাবে ব্যর্থ হয়ে যায়।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। ফ্যাসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারেনি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাদাকে সাদা এবং কালোকে কালো বলে গণমাধ্যম একটি উন্নত রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও যোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে যারা সত্য তুলে ধরার চেষ্টা করেছেন, তাদের কণ্ঠরোধ করা হয়েছিল এবং সেই সফলতার রেশ এখনো চলছে বলে মাঝে মাঝে যেন মনে হয়।

সাংবাদিকদের ‘জাতির বিবেক’ আখ্যা দিয়ে তিনি তাদের বীরের মতো আপসহীনভাবে চলার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামী বিরোধীদলে থেকেও সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারির দায়িত্ব পালন করবে। তবে সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে সরকারি দলকে।

শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে কারো সাথে আমরা কোনো আপোশ করব না। সরকারি দল যদি সেই ক্ষেত্রে অনড় থাকে, আমরা তাদের পাশে থেকে শক্তি জোগাবো, একসাথে লড়াই করবো। কিন্তু সরকারি দল যদি এখান থেকে বিচ্যুত হলে তাদেরকে সোজা রাস্তায় আনার চেষ্টা করবো, না হলে প্রতিরোধ গড়ে তুলবো। এটাই হবে জামায়াতে ইসলামীর নীতি।

আরও পড়ুন